ভাব সম্প্রসারণ : রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে

রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে ভাব সম্প্রসারণ

মূলভাব : সুখ-দুঃখ নিয়েই মানবজীবন। কেউই নিরন্তর সুখী কিংবা দুঃখী নয়। তাই দুঃখে অধৈর্য হওয়া উচিত নয়। কেননা দুঃখের পরেই সুখের আগমন ।

সম্প্রসারিত ভাব : হাসি-কান্না, সুখ-দুঃখ, ভালো-মন্দ, আলো-অন্ধকার এগুলো একে অপরের বিপরীত বিষয়। এদের একটি যেমন কাম্য, ঠিক তেমনি অপরটি জীবনে অকাম্য। এদের একটি যদি ভালো ধারণা দেয়, তাহলে অপরটি খারাপ ধারণা দেয়। মানুষ সব সময় সুখী, সুন্দর ও নিরাপদ থাকতে চায় বলেই খারাপ সবকিছু থেকে দূরে থাকতে চায়। জীবনে সুখ বাদ দিয়ে দুঃখের কথা কেউ ভাবতেই চায় না। আলোহীন অবস্থায় মানুষের জীবন সহ্য করা কঠিন হয়ে আসে বলেই দিনের জন্য সে রাতের শেষে অপেক্ষা করে। এই বিপরীত বিষয়গুলো আসলে জীবনেরই অংশ। এদের একটিকে বাদ দিলে জীবনই হয়ে পড়ে অসম্পূর্ণ। নষ্ট হয় জীবনের সৌন্দর্য। রাত না থাকলে দিনের উপস্থিতি বা আলোকিত আসল রূপ সম্পর্কে আমাদের ধারণা পাওয়া কঠিন হতো।

দুঃখ না থাকলে সুখের অনুভূতি কি এত আনন্দের হতো? তাই জীবনে যা কিছু কাম্য নয়, তার উপস্থিতি বা আগমনে আমাদের হতাশ হলে চলবে না। আজ যদি জীবনে দুঃখ আসে, তাহলে আগামী দিন আমাদের জন্য সুখের সম্ভার নিয়ে অপেক্ষা করছে। দিনের শেষে রাত নেমে আসে। রাত যতই গভীর হয়, ততই অন্ধকার ও নীরবতা প্রকৃতিকে ঢেকে ফেলে। কিন্তু আমাদের বুঝতে হবে, রাত যত গভীর হচ্ছে, ততই দিন আমাদের কাছে চলে আসছে। একইভাবে জীবনে দুঃখ-কষ্ট বা সমস্যা যত বাড়তে থাকবে, আমাদের ভাবতে হবে সুখের সময় ততই কাছে চলে আসছে। কারণ দুঃখ-কষ্ট কোনোদিনই চিরদিন থাকে না। জীবনকে সুখের মূল্য বোঝাতেই দুঃখ ও কষ্ট আসে। এই বাস্তব কথাটি আমাদের ভুলে গেলে চলবে না। তাই জীবনের পুরো রূপ সম্পর্কে সচেতন থাকা বুদ্ধিমানের কাজ।

মন্তব্য : মানবজীবনে সুখ ও দুঃখ পর্যায়ক্রমে আসে। দুঃখ যত বাড়তে থাকে, সুখও তত নিকটবর্তী হয় ।


Author

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে সকল শ্রেণীর শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment