এ পৃথিবী হলো মানবজাতির জন্য শস্যক্ষেত্র এখানে আমল অনুযায়ী পরকালে তার ফয়সালা হবে। সুতরাং আমেলের গুরুত্ব অত্যাধিক। আর মানুষের আমলের ফলাফল নির্ভর করে তার নিয়তের ওপর। অবশ্য সকল ইবাদতের জন্য নিয়ত শর্ত নয়। শুধুমাত্র عِبَادَةٌ مَقْصُوْدَةٌ-এর ক্ষেত্রে নিয়ত থাকা জরুরি।
إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ মাসয়ালাটির ব্যাখ্যা:
এ কায়েদাটি রাসূল (স.)-এর একটি হাদিসের অংশ বিশেষ। যা ইমাম বুখারি (র.) তার সহিহ বুখারির প্রথম হাদিস হিসেবে উল্লেখ করেছেন। কায়েদাটির অর্থ হলো— সকল আমল নিয়তের ওপর নির্ভরশীল। এ মূলনীতিটির সাথে সংশ্লিষ্ট বিষয়াদি নিচে আলোচনা করা হলো—
নিয়তের বিধান:
নিয়তের হুকুম সম্পর্কে আলেমগণের মধ্যে মতিবিরোধ পরিলক্ষিত হয়। যথা—
১. জুমহুর আলেমগণের অভিমত: জুমহুর আলেমের মতে, সর্বপ্রকারের কাজের বিশুদ্ধ নিয়তের ওপর নির্ভরশীল। নিয়ত ছাড়া কোনো কাজই বিশুদ্ধ হবে না।
২. মুতাআখখিরিন আলেমদের অভিমত: মুতাআখিরিন আলেমদের মতে, শরিয়ত সম্পৃক্ত কার্যাবলি যেগুলো নিয়তের মুখাপেক্ষী, সেগুলোর ক্ষেত্রে নিয়ত করা শর্ত। নিয়ত ছাড়া সেগুলো শুদ্ধ হবে না। তবে সাধারণ কার্যাবলি, যেগুলো নিয়তের মুখাপেক্ষী নয়; যেমন— খাওয়া-দাওয়া, পান করা ইত্যাদি ক্ষেত্রে নিয়ত করা শর্ত নয়।
৩. ইমাম আবু হানিফা (র.)-এর অভিমত: ইমাম আবু হানিফা (র.)-এর মতে, মানুষের আমল দু প্রকার। যথা— أَعْمَالٌ مَقْصُوْدَةٌ এবং أَعْمَالٌ غَيْرُ مَقْصُوْدَةٌ। সুতরাং أَعْمَالٌ مَقْصُوْدَةٌ-এর ক্ষেত্রে নিয়ত শর্ত, আর أَعْمَالٌ غَيْرُ مَقْصُوْدَةٌ-এর ক্ষেত্রে নিয়ত শর্ত নয়।
সম্পর্কিত পোস্ট : মাকাসিদুশ শরীয়াহ অর্থ,সংজ্ঞা,প্রকার,দলিল ও উসুলুল ফিকহের সম্পর্ক
প্রত্যেক কাজের জন্য নিয়ত শর্ত কি-না:
প্রত্যেক কাজের জন্য নিয়ত শর্ত কি-না, এ ব্যাপারে দুটো মতামত পাওয়া যায়। যথা—
১. ইমাম শাফেয়ির মাযহাব: ইমাম শাফেয়ি (র.)-এর মতে, প্রত্যেক আমলের জন্য নিয়ত শর্ত। চাই আমলটি عِبَادَةٌ مَقْصُوْدَةٌ তথা মূল লক্ষ্যভূত ইবাদত হোক বা عِبَادَةٌ غَيْرُ مَقْصُوْدَةٌ তথা মূল লক্ষ্য বহির্ভূত ইবাদত। কেননা, রাসূল (স.)-এর বাণী إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ-এর মর্মার্থ হচ্ছে—
إِنَّمَا صِحَّةُ الْأَعْمَالِ وَصُلَاحُهَا مَوْقُوْفَةٌ عَلَى النِّيَّاتِ
অর্থাৎ, কাজের বিশুদ্ধি এবং সঠিক হওয়া নিয়তের ওপর নির্ভরশীল।
২. আহনাফের মাযহাব: আহনাফের মতে, প্রত্যেক আমলের জন্য নিয়ত শর্ত নয়; বরং ঐ আমলের জন্য নিয়ত শর্ত যা عِبَادَةٌ مَقْصُوْدَةٌ-এর অন্তগত। যেমন— নামায। অতএব অযুর জন্য নিয়ত শর্ত নয়। কেননা, এটা عِبَادَةٌ مَقْصُوْدَةٌ নয়। তাদের নিকট রাসূল (স.)-এর বাণী إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ-এর মর্মার্থ হচ্ছে—
إِنَّمَا ثَوَابُ الْأَعْمَالِ بِالنِّيَّاتِ
অর্থাৎ, কাজের পুণ্য লাভ নিয়ত এর ওপর নির্ভরশীল।
সর্বশেষ : সকল প্রকার আমলই নিয়তের সাথে সংশ্লিষ্ট। নিয়ত সঠিক থাকলে আমল সঠিক হবে। আর নিয়তে গরিমেলের কারণে আমল ব্যর্থ হয়ে যায়। সুতরাং আমল করার ক্ষেত্রে নিয়তের প্রতি সতর্ক থাকা দরকার।