ভাবসম্প্রসারণ: হে অতীত তুমি ভুবনে ভুবনে, কাজ করে যাও গোপনে গোপনে

মূলভাব: অতীত কখনো মুছে যায় না। অতীতের প্রভাব বর্তমান ও ভবিষ্যতের উপর এসে পড়ে। তবে তা গোপনে। দূরদৃষ্টি দিয়ে দেখলে কেবল তা বোঝা যায়।

সম্প্রসারিত ভাব : অতীতের অবসান ঘটলেও মানব চোখে তা প্রকৃত সত্য নয়। বর্তমান ও ভবিষ্যতের ওপর এর প্রভাব বিশেষ গুরুত্বপূর্ণ। অতীতের ওপর নির্ভর করেই গড়ে ওঠে বর্তমান ও ভবিষ্যতের সৌধ মালা। মানুষ ভাগ্যের অধীন। তার অতীত জীবনের কর্মফলের ওপরই নির্ভর করে বর্তমান ও ভবিষ্যতের সাফল্য। তাই অতীতের প্রভাব অস্বীকার করার উপায় নেই। নানা জাতির সমন্বয়ে বর্তমান পৃথিবী। প্রতিটি জাতিই তাঁদের অতীত জীবনের জয়গাঁথা নিয়েই অগ্রসর হয় উন্নতির পথে। রচনা করে তাঁদের গৌরবগাঁথা। কাজেই কোনো জাতির বর্তমান সভ্যতা, সংস্কৃতি ধর্মীয় রীতি-নীতি সকল অতীতেরই ফলস্বরূপ। মানুষ যখন নিজ নিজ অস্তিত্ব হারাতে বসে, তখন পথ নির্দেশনা স্বরূপ আঁকড়িয়ে ধরে আপন অতীত ইতিহাসকে। অতীত সমাগত বর্তমানে উত্তরণের সিঁড়ি এবং অনাগত ভবিষ্যতের পথ পরিক্রমার সেতুবন্ধন। কাজেই জীবনকে উন্নতির পথে চালনা করবার জন্য অতীতের প্রভাবকে অগ্রাহ্য করবার উপায় নেই। অতীতের শিক্ষা থেকেই ভবিষ্যতের দিকে এগুতে হবে। অতীতের কর্মই ভবিষ্যতের পাথেয়। এ কথাটি মনে রাখতে হবে।

মন্তব্য: আগামীদিনের জন্যও অতীত অনন্ত প্রেরণার উৎস। তাই’ অতীতকে ছোট করে দেখার বা অস্বীকার করার কোনো অবকাশ নেই। মানবজীবনে অতীতের প্রভাব সুদূরপ্রসারী।

এ ভাবসম্প্রসারণটি অন্য বই থেকে সংগৃহীত

মূলভাব : আজ যা বর্তমান কাল তা অতীত। অতীতের ওপরই দাঁড়িয়ে আছে বর্তমানের জীবন, সভ্যতা, সংস্কৃতি। আগামীদিনের জন্যেও অতীত অত্যন্ত প্রেরণার উৎস। তাই, অতীতকে ছোট করে দেখার বা অস্বীকার করার কোনো অবকাশ নেই। মানবজীবনে অতীতের প্রভাব সুদূরপ্রসারী।

সম্প্রসারিত ভাব: মহাকাল অনাদি, অনন্ত এবং নিরবচ্ছিন্ন। তাকে ক্ষুদ্র বা খণ্ড করে দেখলে সত্য দর্শন হয় না। কিন্তু সাধারণ মানুষ মহাকালের নিরবচ্ছিন্ন গতি উপলব্ধি করতে সক্ষম নয় বিধায় অখণ্ড কাল প্রবাহকে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এ তিনটি ভাগে ভাগ করে দেখে। মানুষ বর্তমানকালের সাক্ষী, অনাগত ভবিষ্যৎ তার কাছে এক বিরাট প্রশ্নবোধক চিহ্ন। আবার যে কাল লোকচক্ষুর অন্তরালে বিলীন হয়ে গেছে সে সম্পর্কেও মানুষ নিষ্ক্রিয়। অতীত যেন ঘুমিয়ে থাকা শিশুটির মত। জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র ধারাবাহিক অংশ যা একদিন বর্তমান ছিল, মহাকালের ঘূর্ণাবর্তে তা-ই অতীতে পরিণত হয়। এভাবেই চলেছে কালচক্রের বিবর্তন। জীবনপথে ফেলে আসা দিনগুলোই অতীত। সেখানে যা কিছু ঘটেছে তা আজ চোখের আড়ালে চলে গেছে। সেজন্যে অতীতকে অনেকে মৃত বলে বিবেচনা করে এবং বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত থাকে। আসলে অতীত ভুলে যাওয়ার নয়। কারণ, অতীত থেকেই বর্তমানের সৃষ্টি। অতীতকে নির্ভর করেই পড়ে ওঠছে বর্তমান সভ্যতা। ইতিহাস মানুষকে সঠিক পথ চলার নির্দেশনা দেয়। তাই বর্তমান সভ্যতা অতীতের উত্তরাধিকার। এ উত্তরাধিকার ভবিষ্যতের মধ্যে বর্তাবেই। অতীত নীরব কর্মী, বর্তমানের মতো মুখর নয়। তার সাধনা নীরব। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ-এর জননী। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়েই মানবের অখণ্ড সাধনা। ভবিষ্যৎ জীবনকে সুন্দর ও সুখময় করার জন্যে বর্তমানের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে।

মন্তব্য: যার অতীত নেই সে মৃত। অতীত মানব জীবনের অবিচ্ছেদ্য অধ্যায়। অতীত নীরবে মানুষের বর্তমান ও ভবিষ্যৎ জীবনের ওপর তার প্রভাব রাখে। তাই অতীতকে ভুললে চলবে না।


শিক্ষাগার

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment