প্রশ্ন : আকাইদ সম্পর্কে প্রতিবেদন / ইসলামি আকিদাহ-এর মৌলিক বিষয়সমূহ নিয়ে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন লেখ।
৭ জানুয়ারি, ২০….
পুরানা পল্টন, ঢাকা।
শিরোনাম : আকাইদ সম্পর্কে প্রতিবেদন।
আকাইদ (عَقَائِدٌ) একটি আরবি শব্দ। এটি বহুবচন। এর একবচন হলো আকিদা । যার অর্থ বিশ্বাস। শরিয়তের পরিভাষায় ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করাকে আকাইদ বলা হয়।
ইসলামি আকিদাহর মূলকথা হলো বিশ্বাস, কর্ম, চিন্তা ও চেতনায় মহান আল্লাহকে সর্বশক্তিমান মেনে নেওয়া ও শিরক থেকে মুক্ত থাকা।
আরো শিখুন : আখলাক সম্পর্কে প্রতিবেদন (সকল শ্রেণী)
একজন ব্যক্তিকে পূর্ণাঙ্গ মুমিন হতে হলে প্রথমে ইসলামের মৌলিক সাতটি বিষয়ে ইমান আনতে হয়- যা ‘ইমান মুফাসসাল’ নামক কালিমার মাধ্যমে স্বীকৃতি জানানো হয়। ইসলামি আকিদাহর মৌলিক বিষয়সমূহ হলো-
- ইসলামের মৌলিক বিষয়গুলোর মধ্যে সর্বপ্রথম ও সর্বপ্রধান বিশ্বাস হলো তাওহিদ বা আল্লাহ তা’আলার প্রতি ইমান আনা বা বিশ্বাস স্থাপন করা। আল্লাহ এক ও অদ্বিতীয়। তিনি ছিলেন, তিনি আছেন ও তিনি থাকবেন। তিনি চিরঞ্জীব, তিনি অনন্ত, তিনি মালিক ও সৃষ্টিকর্তা।
- ইসলামের মৌলিক বিষয়সমূহের মধ্যে অন্যতম মালাইকা বা ফেরেশতাগণের প্রতি ইমান। মহান আল্লাহ ফেরেশতাগণের মাধ্যমে তাঁর জগৎসমূহ পরিচালনা করেন। তাঁদের ওপর ইমান আনা আকিদাহর অবিচ্ছেদ্য অংশ। কেউ যদি ফেরেশতাদের প্রতি ইমান না রাখে তাহলে সে ইমানদার থাকে না।
- রিসালাত বা আসমানি কিতাবসমূহের প্রতি ইমান আনার অর্থ হলো মানবজাতির হিদায়েতের জন্য যুগে যুগে মহান আল্লাহর পক্ষ থেকে যে কিতাবসমূহ নাযিল হয়েছে, সেগুলোকে সত্য বলে মুখে স্বীকার ও অন্তরে বিশ্বাস করা।
- মানবজাতির হিদায়েত ও আলোকবর্তিকা হিসেবে সত্য ধর্ম নিয়ে যুগে যুগে মহান আল্লাহ কর্তৃক প্রেরিত পুরুষ এসেছেন। তাঁদের আমরা নবি-রাসুল-হিসেবে জানি। একজন মুমিন হতে হলে সকল নবি-রাসুলের ওপর ইমান আনা আবশ্যক।
- আখিরাতে বিশ্বাস ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় আখিরাত। আখিরাতে বিশ্বাস স্থাপনের ফলে একজন মুমিন ইহলৌকিক সকল পাপকর্ম থেকে নিজেকে দূরে রাখে এবং এর ফলে তার ইমান আরও দৃঢ় হয় ।
- ইসলামি আকিদাহর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকদিরের ভালো-মন্দের প্রতি ইমান আনা। তাকদিরের ভালো-মন্দের প্রতি ইমান আনার মাধ্যমে একজন মুমিন ব্যক্তি যেকোনো পরিস্থিতিতে মহান আল্লাহর ওপর বিশ্বাস ও ভরসা রাখতে সক্ষম হবে।
- মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস ইমানের সাতটি মৌলিক বিষয়ের মধ্যে অন্যতম একটি বিষয়। মহান আল্লাহ মানুষকে মৃত্যুর পর আবার জীবিত করবেন। সে সময় সকল মানুষ হাশরের ময়দানে একত্রিত হবে। আল্লাহ তা’আলা সেদিন বিচারক হিসেবে মানুষের সকল কাজের হিসাব নিয়ে জান্নাত ও জাহান্নামে প্রবেশ করাবেন।
আমরা নিজেদের পূর্ণাঙ্গ মুমিন হিসেবে তৈরি করতে চাইলে অবশ্যই আকাইদ তথা ইসলামি আকিদাহর সকল মৌলিক বিষয়সমূহের ওপর বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলেই আমরা ইহকাল ও পরকালে সফলতা লাভ করব।
প্রতিবেদক : …………..
শ্রেণি: সপ্তম
শাখা : …………