প্রাণী বৈচিত্র্য কাকে বলে? কত প্রকার ও কি কি-উদাহরণ সহ

পৃথিবীর বৈচিত্র্যময় ভৌগোলিক পরিবেশ এবং জলবায়ুর সাথে খাপ খাইয়ে বাস করে অসংখ্য ছোট-বড় উদ্ভিদ এবং প্রাণী। একই প্রজাতির জীব ভিন্ন ভিন্ন পরিবেশ সাফল্যের সাথে টিকে থাকার জন্য ভিন্ন ভিন্ন ভাবে পরিবর্তিত বা অভিযোজিত হয়। জীবদের এই বিভিন্নতাকে বা বৈচিত্র্যময়তাকে জীববৈচিত্র্য বলে । সুতরাং প্রাণিজগতের প্রাণীদের মধ্যে যে বৈচিত্র্যময়তা দেখা যায় তাই প্রাণী বৈচিত্র্য (Bio-diversity) ।

প্রাণী বৈচিত্র্য কি ?

প্রাণিবৈচিত্র্য (Animal Diversity) : প্রাণিজগতের প্রাণীদের মধ্যে যে বৈচিত্র্যময়তা দেখা যায়, তাকে প্রাণিবৈচিত্র্য বলা হয়। অর্থাৎ প্রকৃতির বিভিন্ন বৈশিষ্ট্যসম্পন্ন অঞ্চলে সাফল্যমণ্ডিতভাবে বংশ বিস্তার করে টিকে থাকার উদ্দেশ্যে প্রাণী প্রজাতিগুলোর বহিঃ ও অন্তঃঅঙ্গসংস্থান, আকার, আকৃতি, প্রকৃতি ইত্যাদির প্রয়োজনীয় পরিবর্তন সাধন করে অভিযোজিত হওয়ার ফলে প্রাণীদের মধ্যে যে বৈচিত্র্যময়তার উদ্ভব ঘটেছে, তাই প্রাণিবৈচিত্র্য।

যেমন : পাখিদের আকাশে উড়ার জন্য ডানা ব্যবহৃত হয় কিন্তু উট পাখির ডানা উড়ার কাজে ব্যবহৃত হয় না ।

প্রাণী বৈচিত্র্য কাকে বলে?

পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর ও খেচর প্রাণীর মধ্যে যে জিনগত, প্রজাতিগত ও বাস্তুসংস্থানগত ভিন্নতা দেখা যায় তাকেই প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য বলা হয় ।

আরও জানুন : প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, পর্ব ও প্রয়োজনীয়তা

প্রাণী বৈচিত্রের প্রকারভেদ :

প্রাণী বৈচিত্র্য প্রধানত ৩ প্রকার । যথা –

১। জিনগত বৈচিত্র্য (Genetic diversity) : একই প্রজাতির অন্তর্ভুক্ত বিভিন্ন প্রাণীর মধ্যে জিনগত পার্থক্যের কারণে উক্ত প্রজাতির প্রাণিদের মধ্যে যে বৈচিত্র্যের উদ্ভব ঘটে তাকে জিনগত বৈচিত্র্য বলে । এ ধরনের বৈচিত্র্য যেহেতু একই প্রজাতির মধ্যে ঘটে তাই একে অন্তঃপ্রজাতিক (intraspecific) বৈচিত্র্যও বলে ।

যেমন : একজন আফ্রিকান কৃষ্ণাঙ্গ এবং একজন অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ মানুষ উভয়েই একই প্রজাতি অর্থাৎ Homo sapiens-এর অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও এদের দেহের গঠন, গায়ের রং, চুলের রং ও আকৃতি ইত্যাদিতে অনেক পার্থক্য দেখা যায় । জিনগত পার্থক্যের কারণেই এদের মধ্যে বৈচিত্র্যতা দেখা দিয়েছে।

সাম্প্রতিককাল পর্যন্ত জিনগত বৈচিত্র্যের বিষয়টি কেবল গৃহপালিত প্রজাতি বা চিড়িয়াখানায় কিংবা উদ্ভিদ উদ্যানের প্রজাতির ক্ষেত্রে প্রয়োগ করা হতো, বর্তমানে বন্যপ্রজাতির ক্ষেত্রেও প্রয়োগ করা হচ্ছে।

২। প্রজাতিগত বৈচিত্র্য (Species diversity) : ভিন্ন ভিন্ন প্রজাতির জীবের মধ্যে বিদ্যমান বৈচিত্র্যকে প্রজাতিগত বৈচিত্র্য বলা হয় । দুই প্রজাতির প্রাণী কখনোই এক রকম হয় না। একই গণভুক্ত প্রজাতিগুলোর মধ্যে ক্রোমোজোম সংখ্যা ও আঙ্গিক গঠনে যথেষ্ট পার্থক্য দেখা যায় । এ ধরনের বৈচিত্র্যকে আন্তঃপ্রজাতিক (interspecific ) বৈচিত্র্যও বলা হয় ।

যেমন : রয়েল বেঙ্গল টাইগার (Panthera tigris) এবং সিংহ (Panthera leo) একই গণভুক্ত দুটি ভিন্ন প্রজাতির প্রাণী । এদের মধ্যে গণপর্যায়ে বৈশিষ্ট্যপূর্ণ মিল থাকলেও প্রজাতি পর্যায়ে ক্রোমোজোম সংখ্যা ও জিনের বিন্যাস ভিন্ন হওয়ার ফলে এদের বৈশিষ্ট্যাবলির মধ্যে প্রজাতিগত বৈচিত্র্য বিরাজ করে ।

আরও জানুন : শ্রেণীবিন্যাস: সংজ্ঞা,ধাপ,নীতি,উদ্দেশ্য,প্রয়োজনীয়তা,নিয়ম

৩। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য (Ecosystem diversity) : পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জলবায়ুর সাথে জীবজগতের মিথষ্ক্রিয়ায় ভিন্ন ভিন্ন পরিবেশীয় একক বা বায়োম (biom) সৃষ্টি হয় ।

যেমন : মরু বায়োম, বনভূমি বায়োম, তৃণভূমি বায়োম ইত্যাদি । প্রতিটি বায়োমে নিজস্ব বৈশিষ্ট্যমন্ডিত বৈচিত্র্যময় জীব রয়েছে। বিভিন্ন বায়োমে বাসকারী জীবের বৈচিত্র্যকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে । তুন্দ্রা বায়োমের শ্বেত ভল্লুক এবং বনভূমি বায়োমের ভালুকের মধ্যে এ বৈচিত্র্য বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের একটি উদাহরণ ।

শিক্ষাগার

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment