মূলভাব : পৃথিবীতে ক্ষমতা ও প্রতিপত্তি বড়ই ক্ষণস্থায়ী; কিন্তু জ্ঞান-বুদ্ধি দিয়ে মানুষ চিরকাল বেঁচে থাকতে পারে।
সম্প্রসারিত ভাব: অসি অর্থ তরবারি আর মসি অর্থ কালি বা কলম বোঝানো হয়েছে। তরবারি দিয়ে দেশ জয় করা যায় বটে; কিন্তু মানুষের মন জয় করা যায় না। মানুষের মন জয় করতে হলে ভালোবাসা দরকার। শিক্ষা তথা কলমের মাধ্যমে অন্তরের মহান উদ্দেশ্য ও ভালোবাসার প্রকাশ ঘটানো যায়-যার কোনো পরাজয় নেই। মানুষের মনের মণিকোঠায় স্থান লাভ করতে হলে প্রয়োজন মসির, অসির নয়। কারণ তরবারি দিয়ে দেশ জয় করলে তার একটি সীমারেখা থাকে কিন্তু মসির বহিঃপ্রকাশ ভালোবাসার অমর বাণী লেখার হাতিয়ার কলমের শক্তিতে দেশ জয় করলে কালান্তরে চলতে থাকে তার প্রভাব। মহাবীর আলেকজান্ডার এবং সম্রাট বাবুর স্বীকার করেছেন, তরবারি দিয়ে দেশ জয় করা যায় কিন্তু মানুষের মন জয় করা যায় না। প্লেটোর রাষ্ট্র গঠনের চিন্তাধারা যুগ যুগ ধরে আদর্শ রাষ্ট্র গঠনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে মানব অন্তরে। শুধু তাই নয়, সমকালীন প্রেক্ষাপটে প্লেটোর চিন্তাধারায় উদ্বুদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন ইউরোপবাসী। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জ্বলন্ত উদাহরণ।
মন্তব্য: আমাদের জাতীয় জীবনে অসি অপেক্ষা মসিকেই বেশি প্রাধান্য দেয়া উচিত।
এই ভাবসম্প্রসারণের ভিন্ন প্রতিলিপন
মূলভাব: শক্তিশালী তরবারির চেয়ে একটি কলম বেশি শক্তিশালী। কেননা মসি অর্থাৎ কলম সভ্যতা, বিজ্ঞান, উন্নতি সবকিছুর ধারক ও বাহক।
সম্প্রসারিত ভাব: অসি অর্থাৎ তরবারির ক্ষমতা অত্যধিক সন্দেহ নেই। মারণাস্ত্রের দ্বারা শত্রু দমন হয়, মুহূর্তেই লক্ষ লক্ষ প্রাণ বিনষ্ট হয়, এমনকি গোটা দেশও সমূলে ধ্বংস হয়। আপাতদৃষ্টিতে অসি অনেক শক্তিশালী মনে হয়, কিন্তু অসি অপেক্ষা মসির ক্ষমতা নগণ্য মনে হলেও প্রকৃতপক্ষে তা সত্য নয়। মসি অপেক্ষা অসির শক্তি অনেক বেশি হলেও ক্ষমতা ক্ষণস্থায়ী। বিশ্বের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, হালাকু খান, চেঙ্গিস খান, নাদির শাহ, হিটলার প্রমুখ তাদের মারণাস্ত্রের আঘাতে রক্তের বন্যা বইয়ে দিয়ে দিগ্বিজয়ী বীরের আখ্যায় আখ্যায়িত হলেও ইতিহাসে তারা অক্ষয় আসন লাভ করতে ব্যর্থ হয়েছে। তাদের কার্যক্রম নৃশংস, কলঙ্কিত বিধায় তারা আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। কিছুদিনের জন্য প্রভাব বিস্তার করলেও মৃত্যুর পর তারা নিন্দিত, ধিকৃত হয়েছে এবং চিরতরে হারিয়ে গেছে বিস্মৃতির অতল তলে। পক্ষান্তরে, মসি বা লেখনীরূপ অস্ত্রের সাহায্যে যেসব মনীষী তাঁদের জ্ঞানগর্ভ, দর্শন, বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস, চিকিৎসাশাস্ত্র, রাষ্ট্রনীতি প্রভৃতি বিষয়ে বিশ্ব মানবের কল্যাণে তাঁদের চিন্তাধারা লিপিবদ্ধ করে গেছেন, মানবসভ্যতার ইতিহাসে তারা চিরকাল স্মরণীয় বরণীয়। তাঁদের অবদানের কথা মানুষ চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। তাই অসি অপেক্ষা মসি অনেক শক্তিশালী। অর্থাৎ-Pen is mighter than sword.
মন্তব্য: অসির শক্তি ও ক্ষমতা ক্ষণস্থায়ী ও বাহ্যিক। আর মসির প্রভাব ও শক্তি স্থায়ী, শ্রদ্ধাপূর্ণ ও আন্তরিক। ক্ষমতা শেষ হলে অসির প্রভাবও বিলীন হয়ে যায়। কিন্তু মসির সম্মান, শ্রদ্ধা ও প্রভাব কখনো বিলীন হয় না।

