ভাবসম্প্রসারণ : বড় যদি হতে চাও ছোট হও তবে

মূলভাব : মানুষের কাছে বড় হতে হলে চরিত্রের সরলতা, নম্রতা, বিনয়, ভদ্রতা, স্বার্থহীনতা এগুলো থাকতে হবে। তাহলেই সে সকলের কাছে বড় বলে গণ্য হবে।

সম্প্রসারিত ভাব : মানুষ ইচ্ছা করলেই বড় হতে পারে না। বড় হতে হলে তাকে সদ্গুণের অধিকারী হতে হয়। পৃথিবীতে সকলেই চায় বড় হতে। সে নিজেকে অক্ষয় করতে চায়, চায় নিজেকে সকলের মধ্যে বিশিষ্ট করে তুলতে। কিন্তু বড় হওয়া মোটেও সহজ কাজ নয়। বিনম্র চিত্তে বিরামহীনভাবে সাধনা করে গেলেই বড় হওয়া সম্ভব। কিন্তু পৃথিবীতে কতিপয় লোক আছে যারা বড় হওয়ার এ পথটিতে যেতে রাজি নয়। তার পরিবর্তে তারা নিজেদেরকে বড় হিসেবে জাহির করে বেড়ায়। এতে করে তারা বড় হলে স্বীকৃতি তো পায়ই না; বরং সকলের কাছে তারা হীন এবং ক্ষুদ্র বলে পরিচিত হয়। যে ব্যক্তি সৎ, উদার, চরিত্রবান, মহৎ ইত্যাদি গুণাবলির অধিকারী সকলেই তাকে সম্মান ও শ্রদ্ধা করে। প্রকৃতপক্ষে বড় হওয়ার জন্য যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ছোট তথা বিনয়ী হওয়া। বড় হতে হলে স্পর্ধিত অহংকারবোধকে বিসর্জন দিয়ে নিজের ক্ষুদ্রতাকে স্বীকার করতে হবে। সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে যেমন সর্বনিম্ন ধাপটিতেই প্রথম পা রাখতে হয়, তেমনি বড় হতে গেলেও বিনয় ও শ্রদ্ধাবোধে আনত হতে হয়। এ পৃথিবীতে যারা অমর হয়ে আছেন তাঁরা পরের মঙ্গলের জন্য নিজেদের বিলিয়ে দিয়েছেন। তারা কখনো নিজেদের বড় করে প্রচার করেন না। নিজেদের মহৎ গুণাবলি দ্বারা তাঁরা অন্যের হৃদয়ে স্থায়ী আসন গড়ে যুগ যুগ মানুষের হৃদয়ের মাঝে বিরাজমান থাকেন এবং সকলের শ্রদ্ধা ও ভক্তি লাভ করেন। তাই সমাজ সংসারে নিজেকে সম্মানের আসনে বসাতে হলে সৎ, বিনয়ী, ভদ্র হতে হবে। তাহলে স্মরণীয় ও বরণীয় হওয়া যাবে। মানুষের শ্রদ্ধা, সম্মান এবং প্রকৃত ভালোবাসা পাওয়া যাবে।

মন্তব্য: নিজেকে বড় বলে প্রচর করলে কখনো বড় হওয়া যায় না, বড় হতে হলে দাম্ভিকতা পরিত্যাগ করে মহৎকর্মে আত্মনিয়োগ করতে হবে।


শিক্ষাগার

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment