ভাবসম্প্রসারণ: ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল,গড়ে তোলে মহাদেশ সাগর অতল

মূলভাব : সৃষ্টিকর্তার সৃষ্টি যত ক্ষুদ্রই হোক, তার মূল্য কম নয়। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণার সমন্বয়ে গড়ে ওঠে সুবিশাল এক মহাদেশ। আবার বিন্দু বিন্দু জলের সমষ্টিতে সৃষ্টি হয় এক সীমাহীন সমুদ্রের রূপ। এভাবে প্রতিটি বৃহৎ সৃষ্টির মাঝে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের অস্তিত্ব লুকিয়ে থাকে।

সম্প্রসারিত ভাব : পৃথিবীতে মহৎ প্রচেষ্টা একদিন বা একেবারেই সম্পন্ন হয় না। যে কোনো মহৎ কাজের জন্যে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কর্মে প্রচেষ্টা চালিয়ে যেতে হয়। এ ছোট ছোট কর্ম প্রচেষ্টার সফলতাই পরিশেষে বৃহৎ সাফল্য ডেকে আনে। সৃষ্টির প্রত্যেকটি অবদানেরই মূল্য আছে। ক্ষুদ্র বলে কোন জিনিসকে অবহেলা করতে নেই। আমাদের জীবনেও আমরা ছোট থেকে বড় হয়েছি, উপার্জন করতে শিখেছি, এটি একদিনে হয় নি। এ উদাহরণ থেকে শিক্ষা নেয়া উচিত। একদিনে বৃহৎ কিছু লাভ করা বা জয় করা সম্ভব নয়। এজন্যে আমাদের সামাজিক জীবনে সমষ্টিগত কর্ম প্রচেষ্টার কথা বলা হয়েছে। একার পক্ষে যা সম্ভব নয়, তা দশে মিলে করতে হয়। “দশে মিলে করি কাজ- হারি জিতি নাহি লাজ।” এ প্রবাদ বাক্যটি থেকে এ কথারই প্রমাণ মিলে। আবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় যে মহৎ সৃষ্টি বা কর্মফল লাভ করা যায় এটিও সমান সত্য। প্রথম শ্রেণী থেকে প্রতি বছরের প্রচেষ্টার সমন্বয়ে সে জীবনে এ সফলতা লাভ করতে সক্ষম হয়। বিচ্ছিন্ন প্রচেষ্টা বা হঠাৎ করে একদিনের চেষ্টায় এত বড় সাফল্য সম্ভব নয়।

মন্তব্য: আমাদের জীবন চলার পথে ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা ও প্রচেষ্টার গুরুত্ব দিতে হবে। এ সত্যটি স্মরণ রেখেই আমাদের জীবন সংগ্রামের সাফল্যের পথে এগিয়ে চলতে হবে।

এই ভাব সম্প্রসারণ এর ভিন্ন আরেকটি প্রতিলিপন

মূলভাব : জীবনের সুখ-দুঃখ, ভালোবাসা, অর্থ-প্রতিপত্তি, সম্মান সব কিছুই ক্ষুদ্র থেকে ক্রমশ সঞ্চিতের ফল। কিছু একদিনে সৃষ্টি হয় না।

সম্প্রসারিত ভাব : ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা দিয়ে মহাদেশ এবং ক্ষুদ্র ক্ষুদ্র জল বিন্দু দিয়ে সমুদ্র আর ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তে মহাকালের সৃষ্টি হয়। কোনো বৃহৎ জিনিস হঠাৎই বৃহৎ হয় না। ক্ষুদ্রের সমন্বয়েই বৃহতের সৃষ্টি। ক্ষুদ্র যখন এককভাবে অবস্থান করে তখনই সে ক্ষুদ্র। আর বহু ক্ষুদ্র যখন একত্রিত হয় তখন তা বৃহতে পরিণত হয়। ক্ষুদ্রের সমন্বয়ে বৃহতের ক্ষমতা সীমাবদ্ধ নয়। বিশ্বের যে কোনো বস্তুর দিকে তাকালে বিস্ময়ে হতবাক হয়ে যেতে হয়। এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড ক্ষুদ্র ক্ষুদ্র অণু-পরমাণু দিয়ে গঠিত। অথচ তা কত বিশাল শক্তির আধার কিন্তু সুপ্ত অবস্থায় আছে। এভাবেই ক্ষুদ্রের সমন্বয়েই বৃহতের সৃষ্টি। একটি মহাদেশের কথাই ধরা যাক। এটা ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বা জীবাশ্ম দিয়ে কালে কালে গড়ে উঠেছে। এটা হঠাৎ করেই এভাবে গড়ে ওঠেনি। তেমনি মহাসাগরের জলকে বিশ্লেষণ করলে দেখা যাবে, তার সৃষ্টি বিন্দু বিন্দু জলরাশি দ্বারা। মহাকালের বুকে মানুষের জীবনও তেমনি। ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সমন্বয়ে মানবজীবন গঠিত। অল্প অল্প ভালো কাজের সমন্বয়ে বৃহৎ মঙ্গলের সৃষ্টি। আর ক্ষুদ্র ক্ষুদ্র পাপের সমন্বয়ে বৃহৎ পাপ সৃষ্টি হয় এবং তা পরিণামে ধ্বংস ডেকে আনে। তাই দেখা যায়, মানুষের উত্থান-পতন, ভালো-মন্দ, ন্যায়-অন্যায় এ সবের পেছনে নানা কারণ রয়েছে এবং কোনো না কোনো শক্তির প্রভাব রয়েছে। তাই কোনো ক্ষুদ্রকেই অবহেলা বা তুচ্ছ করা উচিত নয়। তাই আমাদের উচিত বৃহতের মর্যাদার সাথে সাথে ক্ষুদ্রতরকেও মর্যাদা দেয়া।

মন্তব্য: মানুষের উত্থান-পতন, ভালো-মন্দ, ন্যায়-অন্যায় এ সবের পেছনে নানা কারণ রয়েছে এবং কোনো না কোনো শক্তির প্রভাব রয়েছে।


শিক্ষাগার

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment