আমার প্রিয় শখ (বই পড়া) রচনা

উপস্থাপনা:

পৃথিবীতে মানুষের শখের অন্ত নেই। প্রত্যেক মানুষেরই কোনো-না-কোনো নির্দিষ্ট বিষয়ের প্রতি আকর্ষণ থাকে। ঐ বিষয়টিকে সে মনের অজান্তেই অত্যন্ত প্রিয় হিসেবে গ্রহণ করে নেয়। কর্মব্যস্ত জীবনের অবসর সময়টুকু সে ঐ কাজে ব্যয় করতে ভালোবাসে। এটিই মানুষের শখ। আমারও একটি প্রিয় শখ আছে।

শখের বিভিন্নতা:

মানুষমাত্রেই কোনো-না-কোনো শখ থাকে। বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের শখ থাকে। এ বিভিন্নতার কারণ হচ্ছে ব্যক্তিগত রুচি ও পারিপার্শ্বিকতার প্রভাব। এজন্য বলতে হয়- শখ করে উড়তে গিয়ে কত মানুষের হয়েছে মৃত্যু, শখ করে সাগর পাড়ি দিতে গিয়ে কতজন হয়েছে নিখোঁজ, শখ করে পর্বত আরোহণ করতে গিয়ে কতজন পড়েছে বরফ চাপা। তবুও মানুষের শখ দূরীভূত হয়নি।

আমার প্রিয় শখ:

মানুষের বিভিন্ন রকমের শখ থাকে। যেমন- কারো শখ বাগান করা, কারো ডাকটিকিট জমানো, কারো অটোগ্রাফ সংগ্রহ করা, আবার কারো বা শখ বই পড়া। স্বাভাবিক নিয়মে আমারও একটি শখ আছে। আর তা হচ্ছে বই পড়া।

পছন্দের কারণ:

বই পড়াকে শখ হিসেবে আমার গ্রহণ করার অনেক যুক্তিসঙ্গত কারণ রয়েছে। তবে এ বই পড়া শখটি সৃষ্টি হয়েছিল অতি শৈশবকালে আমার বাবার বই পড়া দেখে। তিনি নিজ রুমে ছোট্ট লাইব্রেরিতে বই পড়ায় মগ্ন থাকতেন। এছাড়াও নিম্নোক্ত কারণে আমি বই পড়াকে প্রিয় শখ হিসেবে গ্রহণ করেছি।

১। বই জ্ঞানের আধার : বই হচ্ছে জ্ঞানের আধার। পৃথিবীর উষালগ্ন থেকে বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তিগণের লব্ধ জ্ঞান ও পৃথিবীর যাবতীয় রহস্য বইয়ে লিপিবদ্ধ আছে।

২। মানবতার বিকাশ সাধনের মাধ্যম: আমি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি, তা হচ্ছে এর মধ্য দিয়ে জ্ঞানের সর্বোচ্চ বিকাশ সাধন সম্ভব। এর মাধ্যমে আমি মানসিক শ্রান্তি থেকে মুক্তি পেতে পারি।

৩। সমস্যার সমাধানে বই: বই পড়ার মধ্য দিয়ে জীবনের সংকীর্ণতা কাটিয়ে উঠে পৃথিবীর বড়ত্বের মধ্যে নিজের অস্তিত্বের ধারণা পাওয়া যায় এবং জীবনের সমস্যার সমাধানে সুষ্ঠু উপায় খুঁজে পাওয়া যায়।

৪। জ্ঞানী ও মহৎ ব্যক্তিগণের সন্ধান লাভ: পৃথিবীর জ্ঞানী-গুণী-মহৎ ব্যক্তিরা তাদের অভিজ্ঞতা ও জীবনের শিক্ষা লিখে রেখে গেছেন বইয়ের পাতায়। তাই বই পড়ার মধ্য দিয়ে অনায়াসেই তার সন্ধান পাওয়া যায়।

৫। বিভিন্ন সভ্যতা সম্পর্কে জ্ঞানলাভের মাধ্যম: মানবসভ্যতা কোথায় শুরু হয়েছে এবং কোথায় কোথায় এর উত্থান, বিশ্বব্যাপী মানুষের সুকীর্তি, তাদের সুখ-দুঃখের বিচিত্র অনুভূতি একমাত্র বই পড়ার মাধ্যমে জানা যায়।

যে ধরনের বই আমার পছন্দ:

আমি ইসলামি সাহিত্য, জীবনী, বিজ্ঞানের আবিষ্কার, ছোটগল্প ও ধর্মগ্রন্থ এবং এ জাতীয় ভালো বইসমূহ পড়ি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, কবি জসীমউদ্দীন, ফররুখ আহমদ প্রমুখ আমার প্রিয় লেখক ও কবি।

শখের প্রয়োজনীয়তা :

মানুষের জীবনে শখের গুরুত্ব অনস্বীকার্য। কারণ কর্মব্যস্ত জীবনের একঘেঁয়েমি থেকে মুক্তি পাওয়া যায় শখের কাজটি করে। ফলে হারানো কর্মোদ্দীপনা ফিরে আসে।

উপসংহার:

বই মানুষের প্রকৃত বন্ধু। বইকেই আমি আমার অবসর সময়ের সাথি করে নিয়েছি। বই পড়ে আমি যেমন পৃথিবীকে জানতে পারি, তেমনি আমি নিজের জ্ঞানকেও বিকশিত করতে পারি। তবে পাঠ্যবই যথাযথভাবে পড়ার পর আমি আমার প্রিয় বইগুলো পড়ি।


Author

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে সকল শ্রেণীর শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment