ভূমিকা :
প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো প্রিয় শখ থাকে। কর্মময় জীবনের ফাঁকে ফাঁকে আনন্দ বা তৃপ্তি পাওয়ার জন্য আমরা শখের কাজ করে থাকি।
শখের বিষয় :
আমি পঞ্চম শ্রেণির ছাত্র। সেজন্য স্কুলের পড়া তৈরি করা এবং স্কুল থেকে ফিরে এসে বিকেলে কিছু সময় আমার অবসর থাকে। তাই বাগান করাকেই আমার শখের কাজ হিসেবে বেছে নিয়েছি। বাগানের যত্ন নেয়া, নতুন নতুন চারা লাগানো আমার প্রিয় শখ।
শখের কাজের প্রয়োজনীয়তা :
প্রতিটি মানুষের জীবনেই অবসর যাপন ও আনন্দ প্রয়োজন। আর সবচেয়ে বেশি আনন্দ পাওয়া যায় শখের কাজ করার মধ্য দিয়ে। শখের কাজ নির্ধারিত কাজের বাইরে মানুষকে আলাদা আনন্দ ও উৎসাহ দেয়। কর্মব্যস্ত জীবনের মাঝে আনন্দ-উৎসাহের প্রয়োজনেই মানুষ এক বা একাধিক শখের কাজ করতে পছন্দ করে।
শখের বর্ণনা :
আমার দুটো বাগান আছে। একটা ফুলের বাগান ও একটা সবজি বাগান। আমার পড়ার ঘরের সামনে একটুখানি খালি জায়গায় আমি ফুলের বাগান করেছি।
বাগানটি বেশ মনোরম। আমি নিজের হাতে অতি যত্নসহকারে বাগানটি করেছি। প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠে বাগানে কাজ করি। বাগানে পানি দেই, গাছের গোড়া আলগা করে দেই।
বিকেলে স্কুল থেকে ফিরে এসে পুনরায় বাগানের কাজ তদারকি করি। আমার বাগানের আকর্ষণ গোলাপ ফুল। টুকটুকে লাল, ফিকে লাল, সাদা, হলুদ প্রভৃতি নানা রঙের গোলাপ ফুল আছে আমার বাগানে।
উপসংহার:
বাগানের প্রতিটি গাছে যখন ফুল ফোটে এবং মৃদু বাতাসে যখন ফুলগুলো মাথা দোলায়, তখন এক স্বর্গীয় আনন্দে মন ভরে যায়। বাগান করার মধ্যে আমি যতটা আনন্দ পাই, অন্য কোনো কাজে ততটা আনন্দ পাই না।