ভূমিকা :
বৃক্ষ মানুষের পরম বন্ধু। বৃক্ষ একদিকে যেমন প্রকৃতির শোভা বৃদ্ধি করে, অপরদিকে মানুষের মৌলিক চাহিদা পূরণ করে। এ জন্যই বনায়ন বা বৃক্ষরোপণ আমাদের জাতীয় এবং সামাজিক জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আধুনিককালে তাই কবির কণ্ঠে উচ্চারিত হয়েছে, “দাও ফিরিয়ে সে অরণ্য, লও এ নগর।”
বৃক্ষের প্রয়োজনীয়তা :
মানবজীবনে স্বাস্থ্য সমৃদ্ধির জন্য বৃক্ষরোপণ অত্যন্ত প্রয়োজন। মানব জীবনের প্রাণ প্রবাহ আজও অব্যাহত রয়েছে বৃক্ষের কারণে। আমাদের প্রাত্যহিক জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম। আমরা যে খাদ্য খাই তার উৎস বৃক্ষ। আমরা যে অক্সিজেনের সাহায্যে শ্বাস গ্রহণ করি তা বৃক্ষেরই অবদান।
বৃক্ষ আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। আসবাবপত্র তৈরি, বাসস্থান নির্মাণ, কাগজ, যানবাহন তৈরি, জ্বালানি, ওষুধ ইত্যাদি প্রস্তুতসহ নানা কাজে বৃক্ষ ব্যবহৃত হয়। মানবজীবনে বৃক্ষ এক অনিবার্য ও অপরিহার্য স্থান দখল করে আছে।
বাংলাদেশে বনভূমির পরিমাণ ও বৃক্ষ নিধন :
এদেশের সবুজ-শ্যামল প্রকৃতি আমাদের বিমোহিত করে। কিন্তু বৃক্ষ নিধনের কারণে এখন আর সে সবুজ শ্যামলিমা প্রকৃতি দেখা যায় না। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য কোনো দেশের মোট ভূখণ্ডের শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা দরকার। সেখানে আমাদের রয়েছে মাত্র ১৭ শতাংশ বনভূমি। কিন্তু বেসরকারি হিসাবে আরও অনেক কম। এ বনভূমি প্রয়োজনের তুলনায় নিতান্তই কম।
কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশের বনভূমির পরিমাণ প্রয়োজনের তুলনায় দুই-তৃতীয়াংশ হলেও তা বৃদ্ধির জন্য উদ্যোগের অভাব প্রকট । বরং অহরহ আমরা কারণে-অকারণে আমাদের আশপাশ থেকে নির্বিচারে বৃক্ষরাজি নিধন করে চলেছি ৷ অতিরিক্ত জনসংখ্যার চাপে ও অভাব-অনটনের কারণে দেশের বৃক্ষরাজি উজাড় হয়ে যাচ্ছে।
বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা:
বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। অথচ পর্যাপ্ত বৃক্ষের অভাবে আমাদের দেশে আজ প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। দেখা দিচ্ছে অনাবৃষ্টি। গ্রিন হাউজ প্রতিক্রিয়া বেড়ে যাচ্ছে। বন্যা, জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হচ্ছে লাখ লাখ মানুষ। আর এসব কারণেই বৃক্ষরোপণ অভিযানের প্রয়োজনীয়তা অপরিসীম।
বৃক্ষরোপণ অভিযান সফল করার উপায়:
বৃক্ষরোপণ অভিযান শুধু শুরু করলেই হবে না। এ অভিযান যাতে সফল হয় সেদিকে আমাদের সবারই বিশেষ দৃষ্টি রাখতে হবে। এ অভিযান সফল করার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিজ্ঞাপন, নাটিকা, আকর্ষণীয় পোস্টার, লিফলেট ইত্যাদির মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধি করা যায়। সর্বোপরি সরকারকে এ অভিযানের দিকে অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ নজর দিতে হবে।
বর্তমান সরকারের পদক্ষেপ :
বৃক্ষরোপণ অভিযানকে সফল করার লক্ষ্যে বর্তমান সরকার এক বিরাট পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রতিটি উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড এবং গ্রাম পর্যায়ে এই অভিযানকে সফল করার নির্দেশ দেয়া হয়েছে। দেশের সর্বত্র অনাবাদি জায়গায়, বাঁধের ওপর, রাস্তার পাশে, স্কুল-কলেজে, অফিস-আদালতে এবং বাড়ি-ঘরের আশেপাশে বৃক্ষরোপণের সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে ।
উপসংহার:
যেভাবে দেশে নির্বিচারে বৃক্ষনিধন শুরু হয়েছে তাতে এই সুজলা-সুফলা বাংলাদেশ মরুভূমি হতে খুব দেরি নেই। তাই সবাই নিজেদের স্বার্থে দেশের জাতীয় সম্পদ বনভূমিকে রক্ষা করতে হবে। কবির সঙ্গে আমাদেরও আকুল আবেদন-
“হে নব সভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী
দাও ফিরে তপোবন, পূণ্য ছায়ারাশি।”